কেরানীগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় যুবককে তুলে নিয়ে 'টর্চার সেলে' নির্যাতন
মাহফুজার রহমান :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবিতে নিজামউদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ ও রাতভর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীকে একটি 'টর্চার সেলে' আটকে রেখে মধ্যরাত পর্যন্ত নির্যাতন করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত নেতা ফয়েজ আহমেদ শাহীনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী নিজামউদ্দিনের ভাষ্যমতে, তিনি ২০২০ সাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদীর ঘাটে বিআইডব্লিউটিএ-এর বৃক্ষ বাগান দেখাশোনা করে আসছেন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনের লোকজন ওই বাগানটি ইজারা নেওয়ার জন্য আবেদন করে। তবে ইজারা না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়।
গত শুক্রবার সন্ধ্যায় হাসনাবাদ লাজফার্মা গলি থেকে ৫-৬টি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা নিজামউদ্দিনকে অপহরণ করে। তাকে হাসনাবাদ কামুচান শাহ মাজার রোডে শাহীনের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গোপন কক্ষে হাত-পা বেঁধে ফ্যান থেকে ঝুলিয়ে রাত ১১টা পর্যন্ত তার ওপর বর্বর নির্যাতন চালানো হয়।
ভয়াবহ নির্যাতন ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর
নির্যাতনের এক পর্যায়ে নিজামউদ্দিনের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলে এবং অবস্থা বেগতিক দেখে শাহীনের নির্দেশে তাকে জোর করে একাধিক ব্যথানাশক ওষুধ খাওয়ানো হয়। এরপর তার পকেটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই স্ট্যাম্পে ৫০ লাখ টাকা বসানোর জন্য শাহীন তার সহযোগীদের নির্দেশ দেন।
পরবর্তীতে রক্তমাখা পোশাক পরিবর্তন করে তাকে মোটরসাইকেলে করে বসুন্ধরা রিভারভিউ এলাকায় বাসার সামনে ফেলে আসা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আইনি ব্যবস্থা ও দলীয় পদক্ষেপ
এই ঘটনায় শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফয়েজ আহমেদ শাহীনকে প্রধান আসামি করে মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন— ওসমান, কদর, ইউসুফ সরদার, রানা, সৌরভ, রনি ও সাদ্দাম। তারা সবাই স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
দলীয় বহিষ্কার:
ঘটনাটি জানাজানি হওয়ার পর রোববার কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এক জরুরি সিদ্ধান্তে ফয়েজ আহমেদ শাহীনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
