কেরানীগঞ্জে নির্বাচনী উত্তাপ: ৩১টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, মোতায়েন হচ্ছে বাড়তি নিরাপত্তা
মাহফুজার রহমান :
কেরানীগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের নির্বাচনী সীমানা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দুই আসনের মোট ৩১টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসব কেন্দ্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী সীমানা বিন্যাস
প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ ও সাভারের কিছু অংশ নিয়ে এই দুই আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে: ঢাকা-২ আসন: কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন এবং সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। ঢাকা-৩ আসন: দক্ষিণ কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন নিয়ে এই আসনের সীমানা নির্ধারিত হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ ও কারণ: উপজেলা প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, এসবি, সেনাবাহিনী এবং বিজিবি-র সমন্বয়ে একটি যৌথ তালিকার মাধ্যমে ৩১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা জেলা সহকারী রিটার্নিং অফিসার ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক জানান, বিগত নির্বাচনের সহিংসতা, হতাহতের ইতিহাস, ভোটকেন্দ্রের যাতায়াত ব্যবস্থা এবং প্রার্থীদের বাড়ির অবস্থান বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।
‘অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রের তালিকা, ঢাকা-২ আসনের উল্লেখযোগ্য কেন্দ্র: হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরতপুর উচ্চ বিদ্যালয়, আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন মধুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর চামারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়, চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঢাকা-৩ আসনের উল্লেখযোগ্য কেন্দ্র: রউফ নগর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, খেজুরবাগ আল হেলাল কিন্ডারগার্টেন, চর মিরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপনগর আল আরাফাহ ইন্টারন্যাশনাল স্কুল, শুভাঢ্যা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভাঢ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (চুনকুটিয়া), কালিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল, ইকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কড়া নিরাপত্তা ব্যবস্থা , শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে বিশাল বাহিনী:
প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য এবং ২ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।
ঢাকা-২ আসনে: ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ঢাকা-৩ আসনে: ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদারকি করবেন।
পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
