ছাতকে সরকারি মাটি কাটার অভিযোগে কৃষকদলের আহ্বায়কসহ দুইজনের দণ্ড
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সরকারি বেতবাগান পুড়িয়ে জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদার ও এস্কেভেটর চালক সাজিদ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২ লাখ ৫০ হাজার করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি কাটার অপরাধে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। আটক মনির উদ্দিন তালুকদার লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য এবং হাওরের বেরিবাঁধ রক্ষা প্রকল্পের (পিআইসি) ৬ নম্বর কমিটির সভাপতি। অপর আটক এক্সেভেটর চালক সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মৃত মতকিন আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষীবাউড়ের ৩১ একর অধিক জায়গাজুড়ে বেড়ে উঠেছে বিশাল বেতবাগান। সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে আগুন দিয়ে বাগানটির একাংশ পুড়িয়ে ফেলে অভিযুক্তরা। পরে এস্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। শনিবার এসিল্যান্ডকে সাথে নিয়ে ছাতক উপজেলা পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।
বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসকের নজরে আসলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম অভিযানের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেন।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, আজ (শনিবার) অতিরিক্ত জেলা প্রশাসক স্যার ছাতক উপজেলা পরিদর্শনে আসেন। এসময় সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি বিক্রি করতে দেখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুজনকে ৬ মাস করে কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ী থাকায় আরও দু’মাসের কারাদণ্ড দেয়া হয়। এব্যাপারে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসময় আমিও উপস্থিত ছিলাম। অভিযানকালে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়।
