সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও বিপুল পরিমাণ ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটকরা হলেন আব্দুল মালেক আকন (৬০) ও আব্দুল কালাম হাওলাদার (৫৫)। তাঁদের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামে। শনিবার রাতে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় ট্রলারটি জব্দ করা হয়। তল্লাশিতে ৫০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ট্রলারের পাটাতনে রক্তের চিহ্ন পাওয়া যায়।বন বিভাগ জানায়, শিকার শেষে ফেরার পথে শিকারীরা মাংস নদীতে ফেলে দেয়। আটক দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
