শিরোনাম

১৩ বছর পর র‍্যাবের জালে ধরা পড়ল ফরিদপুরের হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনি

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন   |   আইন-আদালত

১৩ বছর পর র‍্যাবের জালে ধরা পড়ল ফরিদপুরের হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনি

নাজিম বকাউল (ফরিদপুর) : 


আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফরিদপুরের মোস্তফা কামালের। ফরিদপুরের মধুখালীতে সংঘটিত এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে অবশেষে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।  বুধবার সন্ধ্যায় র‍্যাব-১০ ও র‍্যাব-১ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে আটক করে।


ঘটনার সংক্ষিপ্ত ইতিহাস:


২০১৩ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) ফরিদপুরের মধুখালী থানায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই মামলায় মোস্তফা কামালকে প্রধান অভিযুক্তদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। সাজা এড়াতে মোস্তফা কামাল ছদ্মনাম ব্যবহার করে ও ঘন ঘন অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াচ্ছিলেন।


র‍্যাবের জিজ্ঞাসাবাদে মোস্তফা স্বীকার করেছেন যে, গত এক দশকে তিনি একাধিক জেলায় আত্মগোপন করেছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করার পর র‍্যাব এই সফল অভিযানটি চালায়। তাকে আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।


বুধবার রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আইন-আদালত এর আরও খবর: