পোস্টাল ভোটে পিছিয়ে থেকেও মাঠের ভোটে ৩৮ হাজার ৫৪৭ ব্যবধানে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া!
কামাল হোসেন ( লালমাই) :
১২ ফেব্রয়ারী, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট।
এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১২০ ভোট। ফলে ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে পরাজিত হন ইয়াছিন আরাফাত। ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মো. সামছুদ্দোহা পেয়েছেন ৭ হাজার ৭৬২ ভোট।
বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকে হাছান আহম্মেদ পেয়েছেন ৩৯৭ ভোট। আমজনতার দল মনোনীত প্রজাপতি প্রতীকে আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৩৬৬ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকে কাজি নূরে আলম সিদ্দিকী পেয়েছেন ৩১৭ ভোট। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকে রমিজ বিন আরিফ পেয়েছেন ২৭৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১০ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৫২টি। সবগুলো কেন্দ্রের ভোটই প্রকাশ করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ২২ হাজার ২৮৯ জন।
অনুভূতি প্রকাশ করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। আমি নাঙ্গলকোট লালমাইয়ের সকল ভোটার এবং বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ করছি।
